ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ছামিয়া (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৯ জুন মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছামিয়া পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের বাহার মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ছামিয়া তার নানার বাড়ি লোপাড়া গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের দিকে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে তাকে বাড়িতে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, এ ধরনের মৃত্যুর ঘটনার বিষয়ে আমি এখনো অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
নানার বাড়িতে বেড়াতে এসে শিশুটির এমন করুণ মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায়ও হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com