ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | ১১:২১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আখাউড়া ও বাঞ্ছারামপুর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে কসবা, দুপুরে আখাউড়া ও বাঞ্ছারামপুর উপজেলায় পৃথক এই ঘটনা ঘটে।


মৃতরা হলো – তাহসিন ইসলাম নূর (৭), ইব্রাহিম মিয়া (১০) ও ২০ মাস বয়সী জান্নাত।


কসবায় নিখোঁজের এক দিন পর বৃহস্পতিবার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামের একটি মসজিদের পুকুর থেকে তাহসিন ইসলাম নূরের লাশ উদ্ধার করা হয়। মৃত তাহসিন আখাউড়া উপজেলার টানমান্দাইল গ্রামের খায়রুল ইসলাম বাবুর ছেলে। মাকে নিয়ে শিশুটি মামার বাড়ি ধর্মপুর গ্রামে বেড়াতে এসেছিল। সে ধর্মপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার মেয়ে আকলিমা আক্তারের একমাত্র ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ১০টার পর থেকেই তাহসিন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সন্ধ্যায় কসবা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়। পরে রাতভর গ্রামের মানুষ মসজিদের পুকুরসহ বিভিন্ন স্থানে খোঁজ করে। অবশেষে বৃহস্পতিবার ভোরে ওই পুকুরে ভেসে উঠা তাহসিনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের।

এদিকে আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাত ওই গ্রামের সাগর মিয়ার মেয়ে।

স্থানীয় বাসিন্দা মো. কুদ্দুস মিয়া জানান, পুকুর পাড়ের একটি ঘরে ভাড়া থাকে জান্নাতের পরিবার। কখন সে পানিতে ডুবে যায়, সেটা পরিবারের লোকজন ঠিকভাবে বলতে পারছেন না। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জান্নাতুল মাওয়া জানান, পরিবারের লোকজন বলেছেন যে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় শিশুটি। বেলা সাড়ে ১২টার দিকে ভেসে উঠার পর শিশুটির মুখ থেকে অনেক পানি বের করা হয়। তিনি আরও জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন।

অপরদিকে, বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার সকালে ইব্রাহিম মিয়ার লাশ ভেসে উঠে। ইব্রাহিম মিয়া উপজেলা সদরের আমান উল্লাহ ভূইয়ার ছেলে। সে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে তলিয়ে যায় শিশু ইব্রাহিম মিয়া। এরপর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। উপজেলা দমকল বাহিনীর সদস্যরাও চেষ্টা করে ব্যর্থ হন। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে গত দু’দিন চেষ্টা করে শিশুটির সন্ধান পায়নি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুরা এলাকায় তার লাশ ভেসে উঠে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল আহমেদ খান জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ পচে গেছে। তার বাবা লাশ শনাক্ত করেছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!