নবীনগরে পৃথক স্থান থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১ এপ্রিল বুধবার সকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডে ঝুলন্ত অবস্থায় আশিক বর্মন (১৬) এবং উপজেলার মহেশপুর গ্রামের একটি পুকুর থেকে আতিকুল ইসলাম (১৯) নামে কিশোরের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
আশিক বর্মন গোপীনাথপুর মনতলা গ্রামের বাদল বর্মনের ছেলে এবং আতিকুল ইসলাম বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আশিক বর্মন পেশায় একজন ইজি বাইকচালক। মঙ্গলবার রাতে জরুরি কাজে ঘরের বাইরে যান, তবে রাতে আর বাড়িতে ফেরেননি। পরে আজ বুধবার সকালে তার বাড়ির সংলগ্ন আমগাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন৷
অপর দিকে আতিকুল ইসলাম চার দিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে আজ সকালে তার বাড়ির পাশের পুকুরে মৃতদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে পৃথক স্থান থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার কারণ জানা যাবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com