ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১১:০৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে। আজ ২৪ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাতমন্ডল গ্রামে এই ঘটনা ঘটে। যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ। নিহত আমীর আলী দাতমন্ডল গ্রামের মো. রফিজ আলীর ছেলে এবং পেশায় তিনি কৃষক।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে ঢাকার কেরানীগঞ্জে মহিদ আলীর ছেলে সুজন মিয়ার ব্যাগের কারখানায় গিয়ে লাফিলুদ্দির ছেলে সাকিল সুজনের এক কর্মচারীকে লাঞ্চিত করে। এ ঘটনায় সুজন ও সাকিলের মধ্যে বাকবিতণ্ডা হয়, পরে সুজনকে মারধর করা হয়। কিছুদিন পর, ঢাকা থেকে দুজনই নিজ নিজ বাড়ি নাসিরনগরে ফিরে আসেন।


বাড়িতে এসে আজ বিকালে শালিসে বসলে, শালিস চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে, দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আমীর আলী নামে যুবক অসুস্থ হয়ে পড়েন। তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মৃত্যু সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে, প্রতিপক্ষের জালাল উদ্দিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়।

নিহতের স্ত্রী রুফেসা বেগম দাবি করেন, চার-পাঁচজন মিলে তার স্বামীকে গলায় টিপে হত্যা করেছে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, দাঁতমন্ডলে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের অভিযোগ পাওয়া গেছে। তবে, কিভাবে মারা গেছে তা ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা সম্ভব নয়। ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!