ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় মো. ফখরুল ইসলাম (৪২) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ফখরুল ইসলাম। পরে সহকর্মীরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত সোয়া ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব বলেন, ওই পুলিশ সদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ফখরুল ইসলাম কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ইলাছপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত সানাউল হকের ছেলে। প্রায় দেড় মাস আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে যোগ দেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে রাতেই মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তার মৃত্যুতে সহকর্মী ও জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com