ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সংঘর্ষের পর রোববার সকালেও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জিয়াউল হক বকুলের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউনিয়নের আইড়ল বাজারে আক্তার পক্ষের এনাম ও বকুল পক্ষের রুবেলের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লোকজন রুবেল মিয়ার বাড়িতে ভাঙচুর চালায়।
এর জের ধরে রোববার সকাল ৭টার দিকে দুই পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। পরে উভয়পক্ষের লোকজন রামদা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় ও পরে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জিয়াউল হক বকুলের পক্ষের মধ্যে গত কয়েক বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বারবার সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে জেলা পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ এনে এলাকায় মোতায়েন করা হয়। স্থানীয় ও উপজেলা বিএনপির নেতাকর্মীরাও ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পূর্ববিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com