ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেফতার

সোমবার, ০৩ মার্চ ২০২৫ | ১১:৪৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেফতার

আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেফতার করেছে পুলিশ। আজ ৩ মার্চ সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন জামে মসজিদের সামনে থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতার হওয়া ৫ যুবক হলেন-আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মো. কবির সরকারের ছেলে সাম্মি (২০), বাক্কী মিয়ার ছেলে মেহেদী (৩৩), মৃত মন্তাজ মিয়ার ছেলে মো. ওমর ফারুক (৩৫), মৃত পাশা মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২৭) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলী পূর্বপাশা গ্রামের চাঁন মিয়ার ছেলে আমিনুল ইসলাম (১৯)।


আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল মিয়া জানান, একদল চিহ্নিত অপরাধচক্রের সদস্য গভীর রাতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজা এলাকা থেকে ৫ যুবককে আটক করে। এসময় তাদের নিকট থেকে একটি লোহার চাপাতি, একটি ডেগার, একটি গ্রিল কাটার দুই হাতল বিশিষ্ট কার্টার, একটি কাঠের হাতল বিশিষ্ট চাপাতি ও একটি কাঠের হাতল বিশিষ্ট হাসুয়া উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার জন্য সংঘবদ্ধ হয়েছিল বলে স্বীকার করে।


পুলিশের জিজ্ঞাসাবাদে তারা সাথে থাকা আরও চারজনের নাম প্রকাশ করে। পালিয়ে যাওয়া অপরাধীরা হলেন-আশুগঞ্জ উপজেলার জুলমত মিয়ার ছেলে কাল্লু মিয়া (৩৩), মো. ইমান আলীর ছেলে মো. দিপু মিয়া প্র. অপু (২৬), গোলাপ মিয়ার ছেলে জিসান (২৩) ও নোয়াজ মিয়ার ছেলে হৃদয় (২২)।

ওসি জানান, রাতেই পালিয়ে যাওয়া চারজনসহ ৯ জনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে সোমবার আটক পাঁচজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে অনুসন্ধানে দেখা যায় অভিযুক্ত সকলের বিরুদ্ধেই মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!