ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যায় কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন মিয়া আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অভিযোগে অভিযুক্তরা হলেন তার ভাই মিলন মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং খালাতো ভাই সামির মিয়া (১৮)।
নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মামলার কারণে তাদের মধ্যে বিরোধ চলছিল। বিকেল সাড়ে চারটার দিকে রিফাত, সিফাত ও অন্যান্য পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে তাঁর বাবার ওপর হামলা চালায়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাঁর হাত ও পায়ের রগ কেটে ফেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে রতন মিয়া মারা যান।
পৌর কমিশনার মো. আবু সায়িদ জানান, বিষয়টি গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা হলেও স্থায়ী সমাধান হয়নি। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com