ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ছেলের চালানো অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় মাসুমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার কসবা–নয়নপুর আঞ্চলিক সড়কের আকছিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মাসুমা বেগম (৪২)। তিনি উপজেলার বায়েক ইউপির হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী।
জানা যায়, শুক্রবার রাতে ওষুধ কিনতে ছেলের চালানো এক ব্যাটারিচালিত অটোরিকশায় করে কসবা বাজারের দিকে যাচ্ছিলেন মাসুমা বেগম। রাত ৯টার দিকে কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কে আকছিনা পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com