ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। জব্দ করা ট্রাক ও পণ্যের মোট মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগরের ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাককে সন্দেহ হলে তল্লাশির জন্য থামানো হয়।
পরে বিজিবির টহলদল ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ভারতীয় উন্নতমানের ১৩৭টি কম্বল, রেড বুল এনার্জি ড্রিংকসের ১ হাজার ৫৬৯ ক্যান, ১৮ হাজার ২৪৩টি চকলেট এবং ৮ হাজার ৪৫০টি উন্নতমানের সানগ্লাস জব্দ করে।
জব্দ করা পণ্যসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com