ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে অর্ধকোটি টাকার শাড়ি জব্দ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | ৩:১৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে অর্ধকোটি টাকার শাড়ি জব্দ

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ।


আজ ৬ এপ্রিল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে ৫ এপ্রিল রবিবার বিকেলে আশুগঞ্জ থেকে এসব শাড়ি জব্দ করা হয়।


তিনি জানান, রবিবার বিকেলে সিলেট রেলওয়ের পুলিশ সুপার জান্নাত আফরোজ অবৈধ চোরাচালান সম্পর্কে গোপন সংবাদ পান। পরে তার নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এসময় ট্রেনটির মালবাহী বগি থেকে অবৈধভাবে চোরাচালান করা ভারতীয় শাড়ির ১৮টি বস্তা উদ্ধার করা হয়। তবে চোরাকারবারিদের না পাওয়ায় তাদের আটক করা যায়নি। পরে ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় ভৈরব স্টেশনে গিয়ে জব্দ করা শাড়িগুলো নামানো হয়।

জব্দকৃত শাড়িগুলোর মধ্যে ভারতীয় প্রাইম সিল্ক, কাতানসহ বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৮০ পিস শাড়ি রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৫৪ লাখ টাকা।

মো. রফিকুল ইসলাম বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে চোরাচালান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে চোরাচালান রোধে রেলওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!