ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে তেল কম দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ৪:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে তেল কম দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

ওজনে তেল কম দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মেসার্স আরেফিন ট্রেডার্স’ নামের একটি জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘরে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স আরেফিন ট্রেডার্সে পরিমাপের সঠিকতা যাচাই করতে গিয়ে দেখা যায়, প্রতি ৫ লিটার পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রির সময় ২০০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছে। অর্থাৎ, প্রতি লিটারে ৪০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছিল।

পরিমাপে কারচুপির বিষয়টি হাতেনাতে প্রমাণিত হলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুসলিম আহমেদ শাহেদ নিজের অপরাধ স্বীকার করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন।

পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে একই অপরাধ পুনরায় ঘটলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!