ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ | ৬:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত চলে এ সংঘর্ষ।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতিকুর রহমান ওরফে শিশু মিয়া এবং একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আহমেদের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।


গত ১১ জুন বিকেলে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আহমেদের চাচাতো ভাই ইকবাল মিয়া মারা যান।

এদিকে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আহমেদের পক্ষের আপন মিয়া (১৮) ও বায়েজিদ আহমেদ (১৬) নামে দুই কিশোরকে টিয়ারা গ্রামে একা পেয়ে মারধর করার অভিযোগ ওঠে শিশু মিয়ার পক্ষের লোকজনের বিরুদ্ধে।

এরই জেরে শনিবার সকাল ১১টার দিকে টিয়ারা গ্রামের বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন রামদা, ছুরি, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সংঘর্ষে আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে মোকারম হোসেন (৩৫), বাচ্চু মিয়া (৫০), বাহার মিয়া (২০), কালু মিয়া (৩৫), রিয়াদ হোসেন (২৫), আনোয়ার (২৫), রুবেল মিয়া (৩০), বিল্লাল মিয়া (৪), হাবিব মিয়া (৫), ছোটন মিয়া (৫০), ইয়ার হোসেন (৩৫), মো. রবিউল (৪৫), রিপন (৩৫), মহিউদ্দিন (২২), মো. মোশারফ হোসেন (২৫), আবুল কালাম (৫৫), আলামিন (৪৫), হেলাল মিয়া (৪৩), মো. আমিন (৪), জমির আলী (৪), বদরুল ইসলাম (৪৫) ও সানজিদা (১৪) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে টিয়ারা গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!