ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৬৫ হাজার টাকা

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | ১০:২৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৬৫ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেশ্বর গ্রামে অভিযান চালিয়ে ২৬০০ ফুট অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ ও ৪৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।


মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে কয়েকজন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (প্রকৌশলী) শফিকুল হক।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকার সুযোগে অসাধু চক্র জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এর প্রেক্ষিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাখরাবাদ কর্তৃপক্ষ।

এরই অংশ হিসেবে বিজেশ্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন করা পাইপলাইনের এই নেটওয়ার্কটি এর আগেও একবার উচ্ছেদ করেছিল বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিন পরই কিছু অসাধু চক্র আবার নতুন করে সংযোগ দিয়ে দেয়। ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা কঠিন হয়ে পড়ছে। তবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!