ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মোঃ সায়েদুল হক সাঈদ

বিএনপির কেন্দ্রীয় নেতা সাঈদের “শূন্য পাঁচ” কর্মসূচি ঘোষণা

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ | ৮:২৫ অপরাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় নেতা সাঈদের “শূন্য পাঁচ” কর্মসূচি ঘোষণা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সায়েদুল হক সাঈদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিনত করতে ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি ঘোষণা করেছেন তা শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচিরই নবতর সংস্করণ। যেখানে বলা হয়েছে বাংলাদেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার প্রত্যয়। তিনি “সমৃদ্ধ নবীনগর” গড়ে তোলার জন্য তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জন্য “শূণ্য ৫ বা জিরো ফাইভ” কর্মসূচি ঘোষণা করেন।


আজ ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এই কর্মসূচি ঘোষণা দেন। এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করে “সমৃদ্ধ নবীনগর” গড়ার লক্ষ্যে ঘোষিত কর্মসূচি হলো, শূণ্য দারিদ্র, শূণ্য বেকারত্ব, শূণ্য মাদকাসক্তি, শূণ্য বৈষম্য, শূণ্য অনাচার। মত বিনিময়কালে তিনি কিভাবে এসব বাস্তবায়ন করবেন তার বিস্তারিত ব্যাখ্যা করেন। মোঃ সায়েদুল হক সাঈদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা বিএনপি দুইভাগে বিভক্ত। তিনি কোনো পক্ষের হয়ে থাকতে চান না বলে তার সাথে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের নিয়ে আসেননি। মত বিনিময়কালে সায়েদুল হক বলেন, “যারা অতীতে নবীনগর এলাকার জনপ্রতিনিধি হয়েছেন তারা শুধু ভোট নিয়েছেন। কিন্তু নবীনগরবাসীর ভাগ্যের চাকা সামনের দিকে ঘুরানোর উদ্যোগ গ্রহন করেননি। শূণ্য ৫ লক্ষ্য অর্জন করতে পারলে আমরা “সমৃদ্ধ নবীনগর” গড়ে তোলার আন্দোলন সফল করতে পারব।


আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার নিজ সংসদীয় এলাকায় যেসব প্রার্থী রয়েছে তাদেরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আপনারা মানুষের জন্য কাজ করুন। বিএনপি থেকে যারা প্রার্থী হচ্ছেন তাদের থেকে তিনি শিক্ষাগত যোগ্যতাসহ রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষায় এগিয়ে আছেন বলে দাবি করেন। শূন্য ৫ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিএনপি নেতা কামরুজ্জামান মুন্সী, উপজেলার বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল বাশার প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!