ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এতে নরসিংদীর পর থেকেই ওই কোচ দুটির এসি বিকল হয়ে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ৮টার নির্ধারিত সময়ের বদলে ১৫ মিনিট বিলম্বে ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে। নরসিংদী অতিক্রম করার পর ২৫০৫ ও ২৬০৭ নম্বর এসি কোচের যাত্রীরা টের পান, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছে না।
পরে সকাল ১০টা ৫৫ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেল জংশনে যাত্রাবিরতি দেয়। সেখানে পরীক্ষা করে দেখা যায়, নরসিংদী রেলওয়ে এলাকার মধ্যে চলন্ত অবস্থায় ট্রেনটির দুই এসি কোচের ছাদ থেকে কনডেন্সার কয়েল চুরি হয়েছে।
আখাউড়া রেল জংশনের বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, দীর্ঘ সময় মেরামত করলে ট্রেনের বিলম্ব আরও বাড়ার আশঙ্কা থাকায় এসি ঠিক করার চেষ্টা করা হয়নি। তবে প্রয়োজনীয় কারিগরি কাজ শেষে বিকল এসি নিয়েই ট্রেনটি সকাল সাড়ে ১১টায় আখাউড়া থেকে ছেড়ে যায়।
কনডেন্সার কয়েল চুরির ঘটনায় ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা বিলম্বে চলাচল করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com