কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে ৬০ বিজিবি’র অভিযানে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়।
আজ ১১ এপ্রিল শনিবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবার কাজিয়াতলী ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লার সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল।
অভিযানে ২টি সিএনজি ও ১টি ইজিবাইকসহ উন্নতমানের ভারতীয় শাড়ি, বাসমতি চাল, স্যুটের কাপড়, ফুসকা, চিংড়ি মাছের রেণু, জিরা, শ্যাম্পু, বাজি, জনসন বেবি ক্রিম, মেহেদি, পন্ডস পাউডার, বিড়ি, মশার কয়েল এবং টাইগার এনার্জি ড্রিংকস জব্দ করা হয়।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৯২ লাখ ৯৮ হাজার ৩৯০ টাকা। জব্দ মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম শরিফুল ইসলাম, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com