ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী জুনায়েদ আল হাবীব বলেছেন, আমি ইনশাআল্লাহ এমপি হবো, আপনারা সবাই মিলে যদি আমার খেজুর গাছকে ধানের শীষ বানান। ধানের মার্কা নিয়ে যদি আপনাদের একজন দাঁড়াতেন, তার জন্য যেভাবে কাজ করতেন, আপনারা যদি সেভাবে আমার জন্য কাজ করেন। আজ ৪ জানুয়ারি রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, তারেক রহমান এ দেশের দ্বীনদার আলেমসমাজের হৃদয়ে প্রবেশ করে ফেলেছেন। সংবর্ধনা সভায় তিনি হাত উঁচু করে আল্লাহর সাহায্য কামনা করেছেন।
দোয়া মাহফিলে কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী জুনায়েদ আল হাবীব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা সদস্য শেখ মো. শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন রিপন, এবিএম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মনির হোসেন, মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সিরাজ প্রমুখ।
এছাড়া, উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুনায়েদ আল হাবীব ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি পদে রয়েছেন। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতিও তিনি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com