ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৭ লাখ ৯৩ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন গোসাইস্থল, মঈনপুর, মাদলা, সালদানদী, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল, মঈনপুর ও মাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের বাজি, গরু, অলিভ অয়েল, পন্ডস পাউডার, বাসমতি চাল, সেভেন অয়েল, মেহেদি, হেয়ার অয়েল, ইস্কাপ সিরাপ ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৯৩ হাজার ১০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে।
এ লক্ষ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com