ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ৪ কোটি ৬০ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ৪:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ৪ কোটি ৬০ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ৫ হাজার ৭৬০ পিস ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ১৫ থেকে ২০ জন চোরাকারবারি কার্টন ফেলে পালিয়ে যান।


শনিবার (২১ নভেম্বর) দুপুরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।


বিজিবি জানায়, শনিবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় অভিযান চালায় মুকুন্দপুর বিওপির একটি টহলদল। সীমান্ত পিলার ২০০৭/৭-এর প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভারতের দিক থেকে ১৫ থেকে ২০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে তাঁরা কার্টনগুলো ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা মালামালসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, বিজিবির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ২৪ জনকে।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!