ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সীমান্তে বিজিবির অভিযান, ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ২:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সীমান্তে বিজিবির অভিযান, ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়াসহ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯ লাখ ১১ হাজার ৮৮০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে গরু, বাসমতি চাল, মাদকদ্রব্য, মোটরসাইকেল ও ইজিবাইক।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন বিভিন্ন বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।


বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, মনিয়ন্দ, গোসাইস্থল, চন্ডিদার, কসবা ও মাদলা বিওপির টহলদল অভিযান পরিচালনা করে। একই সঙ্গে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপির টহলদলও নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানে ভারতীয় অবৈধ গরু, বাসমতি চাল, বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, মদ, ইয়াবা, বিয়ার, মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১১ হাজার ৮৮০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!