ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ, জরিমানা ১ লাখ টাকা

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ৬:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ, জরিমানা ১ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুরে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে রাস্তা নির্মাণ এবং কৃষিজমিতে বালু ফেলার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভরাট কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস এবং আগামী ১৫ কার্যদিবসের মধ্যে খালের মাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।


রোববার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মো. মরতুজা বর্ষণের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।


সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়নপুর এলাকায় একটি পাথর ভাঙার কারখানায় যানবাহন চলাচলের সুবিধার্থে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছিল। একই সঙ্গে নির্মাণাধীন মহাসড়কের পাশে কৃষিজমিতে বালু ফেলে জমির স্বাভাবিক শ্রেণি ও ব্যবহার পরিবর্তনের চেষ্টা চলছিল।

এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিজমির উর্বরতা ও স্থানীয় পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিককে অর্থদণ্ড দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে খাল থেকে ভরাট মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

এদিকে, একই এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মাছের বর্জ্য প্রক্রিয়াজাত করে তেল উৎপাদনকারী একটি কারখানায়ও অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, কারখানাটি থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধ ও তরল বর্জ্যের কারণে আশপাশের মাটি, পানি ও পরিবেশ দূষিত হচ্ছিল।

জানা গেছে, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রায় ১৫ দিন আগে পরিবেশ অধিদপ্তর কারখানাটিতে অভিযান চালিয়ে সেটি তালাবদ্ধ করে দেয়। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

রোববার উপজেলা প্রশাসন কারখানাটি পরিদর্শন করে ভেতর থেকে মালামাল বের করে পুনরায় তালাবদ্ধ (সিলগালা) করে দেয়। প্রশাসনের অনুমতি ছাড়া কারখানাটি না খোলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় কারখানার মূল মালিক খলিলুর রহমান পলাতক ছিলেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মো. মরতুজা বর্ষণ বলেন, সরকারি খাল, জলাশয় ও কৃষিজমি অবৈধভাবে ভরাট কিংবা দখল করার কোনো সুযোগ নেই। পরিবেশের জন্য ক্ষতিকর এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!