ব্রেকিং

x

ছেলের মৃত্যুর খবর জানেননি মা-বাবা, গণমাধ্যমে জানতে পেরে ভেঙে পড়েছে পরিবার

সৌদিতে গোপনে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর, শোকে মারা গেলেন ফুফু

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | ১২:৩১ পিএম

সৌদিতে গোপনে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর, শোকে মারা গেলেন ফুফু

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে পরিবারকে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলামের (২২) স্বজনেরা। ছেলের সঙ্গে শেষবার কথা বলা কিংবা তাঁকে একনজর দেখার সুযোগও পাননি মা-বাবা। পরে গণমাধ্যমের মাধ্যমে জানতে পারেন, নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ভাতিজার মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর ফুফু আবেদা বেগম।


গত বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের মক্কা নগরীতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সঙ্গে সুইটি আক্তার নামে এক তরুণীরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।


নজরুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের কৃষক পরিবারের বড় সন্তান। পরিবারের অভাব দূর করার আশায় ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করেন।

তবে সৌদি আরবে যাওয়ার ছয় মাসের মাথায় মক্কার একটি মসজিদ থেকে সুইটি আক্তারসহ নজরুলকে অনৈতিক কাজের অভিযোগে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এরপর রিয়াদ ও মক্কার কারাগারে তিন বছর তিন মাস বন্দি ছিলেন তিনি।

নজরুলের মা রহিমা বেগম জানান, কারাগারে থেকেও প্রতি রোববার নিয়মিত পরিবারের সঙ্গে কথা বলতেন তাঁর ছেলে। কিন্তু গত সপ্তাহে আর ফোন আসেনি। পরে গণমাধ্যমের মাধ্যমে তাঁরা নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানতে পারেন।

ছেলের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আব্দুল বাছির। অসুস্থ শরীরে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “আমার ছেলে কী অপরাধ করেছে, আমি জানি না। একমাত্র আল্লাহই জানেন। কিন্তু কেন আমাদের একবার জানতেও দেওয়া হলো না?”

পরিবারের অভিযোগ, মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাঁদের কোনো পূর্ববার্তা দেওয়া হয়নি। ছেলের সঙ্গে শেষবার কথা বলার সুযোগ না পাওয়ায় স্বজনদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

এদিকে, ভাতিজার মৃত্যুর খবর সইতে না পেরে বুধবার রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নজরুলের আপন ফুফু আবেদা বেগম। চার ভাই-বোনের মধ্যে সবার বড় নজরুলকে হারিয়ে মা-বাবার আহাজারি আর ফুফুর আকস্মিক মৃত্যুতে বিরামপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নজরুলের মরদেহ দ্রুত রাষ্ট্রীয় খরচে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। শেষবারের মতো ছেলের মুখ দেখে তাঁকে নিজ গ্রামের মাটিতে দাফন করতে চান শোকাহত মা-বাবা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!