ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ব্যক্তিরা হলেন তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার ম্যানেজার মহিউদ্দিন আহমেদ সজীব ও বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের এজেন্টশিপ নেওয়ার চেষ্টা করছেন। তবে ট্রেনের ইজারাদার প্রতিষ্ঠান এতে সাড়া দিচ্ছে না।
তাদের অভিযোগ, সোমবার সকালে যুবদল নেতা নাজমুল হুদা সানি বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেনকে ফোন করে তাঁর পরিচিত এক ব্যক্তিকে দুটি টিকিট দেওয়ার কথা বলেন। পরে বুকিং ক্লার্ক কাউসার স্টাফ রুম থেকে টিকিট কাউন্টারে আসার পথে স্টেশন এলাকায় অজ্ঞাত কয়েকজন টিকিট কালোবাজারির জন্য তাকে মারধর ও হেনস্তা করে।
এর কিছুক্ষণ পর যুবদল নেতা নাজমুল হুদা সানি আবারও কয়েকবার বুকিং ক্লার্ক কাউসারকে ফোন দেন। তবে তিনি ফোন ধরেননি। এতে ক্ষুব্ধ হয়ে নাজমুল হুদা সানি রেলওয়ে স্টেশনে এসে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারে যান। সেখানে একপর্যায়ে কাউন্টারে থাকা বুকিং ক্লার্ক ও ম্যানেজারকে চড়-থাপ্পড় মারার অভিযোগ ওঠে।
এ ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে কাউন্টারের কর্মীরা সার্বিক কার্যক্রম বন্ধ করে দেন। প্রায় দেড় ঘণ্টা পর কাউন্টারের কার্যক্রম পুনরায় শুরু হয়। এতে তিতাস কমিউটার ট্রেনের যাত্রীরা টিকিট সংগ্রহ করতে গিয়ে দুর্ভোগে পড়েন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শাহ আলম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা ফাঁড়িতে এসেছেন। লিখিত অভিযোগ অনুযায়ী হামলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি। মুঠোফোনে তিনি বলেন, মূলত তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারের লোকজন অতিরিক্ত দামে কালোবাজারিদের কাছে টিকিট বিক্রি করছিলেন। স্টেশনে থাকা একজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নিতে স্টেশনে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। কাউকে মারধর করা হয়নি। অভিযোগটি ভিত্তিহীন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com