ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজারে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে ইলিশ মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আনন্দবাজারের মাছের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আপেল মাহমুদ।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানকালে দেখা যায়, আপেল মাহমুদ বিশেষ কৌশলে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে ক্রেতাদের অজান্তে কম ওজনের মাছ দিচ্ছিলেন। যন্ত্রটির ভেতরের মেশিনের সঙ্গে রাবার ও রশি সংযুক্ত করে এর অপর প্রান্ত গামছার আড়ালে বিক্রেতার হাতের কাছে রাখা হয়েছিল। রশিটি টেনে বা ঢিলে করে বিক্রেতা ইচ্ছামতো ওজন কম-বেশি করতে পারতেন।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযানে কারচুপির বিষয়টি ধরা পড়ার পর মাছ বিক্রেতা আপেল মাহমুদ নিজের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় ওই ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের কারচুপি করবেন না বলে অঙ্গীকার করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com