ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় চিপস কিনতে বেরিয়ে নিখোঁজ, দুইদিন পর বস্তাবন্দি মিলল শিশুর মরদেহ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ১০:১৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় চিপস কিনতে বেরিয়ে নিখোঁজ, দুইদিন পর বস্তাবন্দি মিলল শিশুর মরদেহ
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর নিশাত (৬) নামে এক স্কুলশিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত নিশাত ওই গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ, ডিবি, র‍্যাব ও পিবিআই সদস্যরা যৌথভাবে তদন্ত শুরু করেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল দুপুরে নিশাত চিপস কিনতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু দীর্ঘ সময়েও তার সন্ধান মেলেনি।

শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক মোরগ ধরতে গিয়ে বাড়ির অদূরে একটি বস্তার ভেতরে মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় দেখে নিশাতের মরদেহ শনাক্ত করেন।

এদিকে, এমন নির্মম ও রহস্যজনক হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!