ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)-এর এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ দিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে ঠিকাদার ও তার লোকজনের বিরুদ্ধে।
আজ ১৩ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রকৌশলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, এলজিইডির তত্ত্বাবধানে নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে একটি রিটেইনিং ওয়াল নির্মাণকাজ চলমান রয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স লোকমান এন্টারপ্রাইজ’। তবে শুরু থেকেই নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।
এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে কাজের মান পরিদর্শনে যান উপ-সহকারী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম। পরিদর্শনের সময় তিনি অনিয়মের প্রমাণ পেয়ে কাজের মান নিয়ে প্রশ্ন তুললে ঠিকাদার লোকমান হোসেন ও তার লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে ঠিকাদার ও তার অনুসারীরা প্রকৌশলীকে মারধরের উদ্দেশ্যে বাঁশ নিয়ে তাড়া করেন। পরিস্থিতি বেগতিক দেখে প্রকৌশলী দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে আত্মরক্ষা করেন। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বলেন, “কাজের মান নিয়ে কথা বলতেই তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারার জন্য তাড়া করে। আমি কোনোভাবে সেখান থেকে দৌড়ে পালিয়ে বাঁচি।”
এ বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদার লোকমান হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, প্রকৌশলীকে তাড়া করার ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com