ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে ১ লাখ টাকা জরিমানা, সেবা কার্যক্রম বন্ধ

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | ১১:১২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে ১ লাখ টাকা জরিমানা, সেবা কার্যক্রম বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দীর্ঘ ৮ বছর ধরে অনুমোদন ছাড়াই পরিচালিত একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


আজ ৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় উপজেলার বাজার রোডে অবস্থিত ‘নিউ গ্রিন লাইফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে’ এ অভিযান পরিচালনা করা হয়।


আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জলিল কায়সার এবং প্রসিকিউটর শাহেদ আহমেদ।

ইউএনও রাফে মোহাম্মদ ছড়া জানান, প্রতিষ্ঠানটি ২০১৮-১৯ সালে এক বছরের জন্য লাইসেন্স পেলেও পরবর্তীতে তা নবায়ন করা হয়নি। ফলে দীর্ঘ ৮ বছর ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই হাসপাতালটি পরিচালিত হয়ে আসছিল।

অভিযানকালে আরও বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে—পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, এক্স-রে পরিচালনার জন্য প্রয়োজনীয় টেকনোলজিস্টের সনদ বা নিয়োগপত্রের অভাব, সেবামূল্যের তালিকা প্রদর্শন না করা এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশের মানহীনতা।

এসব অনিয়মের দায়ে ‘মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’-এর ৬, ৭ ও ৮ ধারা এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় সব অনুমোদন ও বৈধ কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত হাসপাতালটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!