ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর সীমান্ত থেকে প্রায় সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, শাড়ি ও সানগ্লাস উদ্ধার করেছে বিজিবি। ১৯ মার্চ বৃহস্পতিবার রাতে বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় মাটির নিচে লুকানো অবস্থায় এসব চোরাই পণ্য উদ্ধার করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।
আজ ২০ মার্চ শুক্রবার দুপুরে সরাইল উপজেলার কালিকচ্ছে অবস্থিত বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির একটি দল স্থানীয় কামালমোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি জঙ্গলের ভেতরে মাটির নিচে লুকানো অবস্থায় ভারতীয় ৯,৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ১৩,৬২৮ পিস চশমা ও ৩৪৩ পিস শাড়ি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ জানান, উদ্ধারকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৯ কোটি ৩৮ লক্ষ ৭ হাজার টাকা। চোরাকারবারিরা তাদের কৌশল বদলালেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিয়মিত চোরাই পণ্য ধরা পড়ছে বিজিবির অভিযানে। সীমান্ত দিয়ে যে কোনো ধরণের অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com