ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ ১৭ মার্চ মঙ্গলবার বিকেলে নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সহিংসতা এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ সকালে রহিম তালুকদার কাসেম গোষ্ঠীর বাড়ি ঘরে হামলা চালানোর চেষ্টা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। এক পর্যায়ে দুপুরে কাশেম মিয়া পক্ষ গোয়ালনগর স্কুলপাড়া জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। একইভাবে লালুয়ারটুক জামে মসজিদ থেকেও সংঘর্ষে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। পরে লালুয়ারটুক এলাকার একটি ইটভাটা থেকে ট্রাকে করে ইটের খোয়া এনে হামলায় ব্যবহার করা হয়। এছাড়া উভয় গোষ্ঠীর বিপুল সংখ্যক লোকজন টেঁটা, বল্লম, দাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে নাসিরনগর থানা ও চাতলপাড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com