ব্রেকিং

x

হবিগঞ্জে অপহৃত স্কুলছাত্রী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার, গ্রেপ্তার ১

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ | ৭:৪৬ অপরাহ্ণ

হবিগঞ্জে অপহৃত স্কুলছাত্রী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার, গ্রেপ্তার ১

হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় অভিযুক্ত অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার রাত ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করা হয়।


গ্রেপ্তারকৃত মো. রনি মিয়া (২০) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কালিকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা এবং মো. সোহেল মিয়ার ছেলে।

আজ ১৭ মার্চ মঙ্গলবার বিকেলে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ভিকটিম মাধবপুর উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা দুবাই প্রবাসী।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই রনি মিয়া ওই ছাত্রীকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিত। বিষয়টি ছাত্রী তার দাদুকে জানালে তিনি রনির অভিভাবকদের অবহিত করেন। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেয়নি। পরবর্তীতে স্থানীয়ভাবে বিচার-সালিশের উদ্যোগ নেওয়া হলেও রনির পরিবার তা উপেক্ষা করে।

এরই জেরে গত ২২ ফেব্রুয়ারি দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রনি ও তার সহযোগীরা ছাত্রীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে।

এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। পরে র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ (হবিগঞ্জ) ও সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) যৌথ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!