ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানকে ইউএনও এর তলব

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ | ৭:০৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানকে ইউএনও এর তলব

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ইউনিয়ন পরিষদের তিন নারী সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।


১২ মার্চ বৃহস্পতিবার তারা ইউএনওর কাছে এ অভিযোগ জমা দেন।


অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভূমিহীন, দিনমজুর, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করে থাকে। তবে বীরগাঁও ইউনিয়নে এই কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের তিন নারী সদস্যকে সম্পৃক্ত না করে চেয়ারম্যান তার পছন্দের ব্যক্তিদের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ করছেন। এতে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত অনেক পরিবার সরকারি এই সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগকারী নারী সদস্য রওশনা বেগম, জোহরা খাতুন ও ফাতেমা বেগম বলেন, চেয়ারম্যান প্রতিবার ভিজিএফ কার্ড বিতরণের সময় তাদের অবগত না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিজের পছন্দের ব্যক্তিদের মধ্যে কার্ড বিতরণ করেন।

তারা বলেন, “ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আমাদেরও জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে। কিন্তু আমাদের সম্পৃক্ত না করে কার্ড বিতরণ করা হলে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা করা কঠিন হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে আমরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ঈদ উপলক্ষে প্রথমে তাদের ইউনিয়নে দুই হাজার ভিজিএফ কার্ড বরাদ্দ পাওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ২০৮টি কার্ড পাওয়া গেছে।

তিনি বলেন, “কার্ডের সংখ্যা কম থাকায় প্রতি ওয়ার্ডের পুরুষ সদস্যদের চাহিদামতো কার্ড দিতে পারিনি। তাই নারী সদস্যদের দেওয়া সম্ভব হয়নি। এছাড়া বিভিন্ন দিক থেকে রাজনৈতিক তদবিরও থাকে, সেসব বিষয় বিবেচনা করতে হয়।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আগামী ১৫ মার্চ রবিবার চেয়ারম্যানকে আমার কার্যালয়ে তলব করা হয়েছে। সংশ্লিষ্ট সবার বক্তব্য শুনে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, ভিজিএফের মতো দরিদ্রবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এতে প্রকৃত অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছানো সহজ হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!