ব্রাহ্মণবাড়িয়া শহরের সড়ক বাজার ও নিউমার্কেট এলাকায় কাপড়ের পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ৯ মার্চ সোমবার দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় র্যাব-৯ এর একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে দেখা যায়, কাপড়ের পাইকার ও খুচরা বিক্রেতারা বিদেশি কাপড় বিক্রির সময় ক্রয়ের কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারেননি। ফলে এসব কাপড় কত টাকায় কেনা হয়েছে, বৈধ পথে আমদানি করা হয়েছে কি না, সরকারের ভ্যাট-ট্যাক্স পরিশোধ করা হয়েছে কি না কিংবা পণ্যগুলো নকল কি না—এসব বিষয়ে সংশয় তৈরি হয়। পাশাপাশি দেশি পণ্য বিদেশি পণ্য হিসেবে বিক্রির সুযোগও রয়েছে বলে জানা যায়।
এ অবস্থায় শাড়ি বিচিত্রা নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং বি বাড়িয়া ক্লথ স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এসময় প্রতিষ্ঠানগুলোকে পণ্যের সঠিক ঘোষণা দেওয়া, পণ্যের উৎস সংক্রান্ত তথ্য সংরক্ষণ, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, অস্বাভাবিক মুনাফা অর্জন না করা এবং নির্ধারিত মূল্যের বেশি মূল্য গ্রহণ না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয় এবং সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com