ব্রেকিং

x

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

ব্রাহ্মণবাড়িয়ায় লাখ টাকা জরিমানা

বুধবার, ০৪ মার্চ ২০২৬ | ৯:৫০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় লাখ টাকা জরিমানা

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। আজ ৪ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জেলা শহরের জগৎবাজার ও আনন্দবাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসাযী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে। এর পরিপ্রেক্ষিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযান চলাকালে জগৎবাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুই পাইকারি বিক্রেতা মেসার্স শাহ আমানত ট্রেডার্স ও আল মদিনা বাণিজ্যালয়কে পণ্যের ক্রয় রশিদ না রাখার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


অভিযান শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, রমজান মাস উপলক্ষে বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় তুলনামূলকভাবে বাজার পরিস্থি ভালো রয়েছে। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি এবং অবৈধ মজুত না করতে পারে- সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!