ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম (৬৫) ও তার ছেলে আমজাদ হোসেন (৪৮)। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের আরো তিন আরোহী আহত হয়েছেন। তারা হলেন- নিহত আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং একই গ্রামের গ্রামের নিলুফা (৩৬)। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা জানান, আত্মীয়ের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেটকারে করে সিলেটে যাচ্ছিলেন। পথে বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর প্রথম গেইট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস প্রাইভেটকারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে আসা ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারকে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
ওসি আরো বলেন, দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com