ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
আসনভিত্তিক ফলাফল
ব্রাহ্মণবাড়িয়া-১:
বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ২২০ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ):
এ আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব পান ৮৯ হাজার ৮২৩ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর):
বিএনপি প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মো. আতাউল্লাহ পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া):
বিএনপি প্রার্থী ও সাবেক সচিব মুশফিকুর রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৮৪২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৭৯৬ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর):
বিএনপি প্রার্থী এম এ মান্নান ৮৫ হাজার ৭৬৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪ হাজার ৭০৮ ভোট। এ আসনে জয়-পরাজয়ের ব্যবধান ছিল মাত্র ১ হাজার ৬১ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৬:
বিএনপি জোট মনোনীত প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি মাথাল প্রতীকে ৯৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসীন পেয়েছেন ৩৯ হাজার ৯৭৬ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের ফলাফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীদের স্পষ্ট প্রাধান্য লক্ষ্য করা গেছে। একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com