ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও গুলি উদ্ধার

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ | ১০:৫২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও গুলি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান ও ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। আজ ৩০ জানুয়ারি শুক্রবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শহরের রেলস্টেশন এলাকার রেললাইনের কাঠের স্লিপারের পাশ থেকে এসব উদ্ধার করা হয়।


আজ দুপুর ২টার দিকে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে জেলা শহরের রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি ফার্মেসির সামনে রেললাইনের কাঠের স্লিপারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান ও ৬০টি গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাবের ধারণা, উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হতে পারে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪০টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, ১১ হাজার ৭৪০ গ্রাম বিস্ফোরক, ৭৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং ৯৯টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!