ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় কেমিক্যাল ড্রামের বিস্ফোরণে কিশোর নিহত, আহত ১

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ | ৪:২৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় কেমিক্যাল ড্রামের বিস্ফোরণে কিশোর নিহত, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে রায়হান (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় লোকনাথ দাস (২৪) নামে এক ওয়ার্কসপ মালিক গুরুতর আহত হয়েছেন।


৩০ জানুয়ারি শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার লালপুর বাজারে লোকনাথ ওয়ার্কসপে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রায়হান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। সে লালপুর বাজারের সুলতান মিয়ার ডগইয়ার্ড ওয়ার্কসপে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লোকনাথ দাস তার ওয়ার্কসপে একটি কেমিক্যালের খালি ড্রাম গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটছিলেন। ড্রামটির মুখ (ছিপি) বন্ধ ছিল। দীর্ঘদিন মুখ বন্ধ থাকায় ড্রামের ভেতরে দাহ্য গ্যাস জমে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রাইন্ডার চালু করার সঙ্গে সঙ্গেই ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এ সময় রায়হান ডগইয়ার্ড থেকে প্লেনশিট নিয়ে লোকনাথের ওয়ার্কসপের সামনে দিয়ে যাচ্ছিল। বিস্ফোরণে ড্রামের ধাতব অংশ ছিটকে তার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহত লোকনাথ দাসকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!