ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে দলীয় সিদ্ধান্ত ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আল জাবের ওরফে জাবেদ আহমেদকে বহিষ্কার করা হয়েছিল। তবে গতকাল বুধবার সন্ধ্যায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি দেয় কেন্দ্রীয় যুবদল। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে তাকে আওয়ামী লীগের একটি সভায় ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দেখা যায়। ভিডিও ছড়িয়ে পড়ার পর রাত ১০টার দিকে আরেকটি বিজ্ঞপ্তিতে জাবেদের বহিষ্কারাদেশ বহাল রাখে কেন্দ্রীয় যুবদল।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের বাসিন্দা আল জাবের উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালের ৫ জুন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে তিনি জয়ী হন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় এবং নির্বাচনে অংশ নেওয়ায় তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে জয়ের পরও তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে নিয়মিত অংশ নিতেন। সেই সময়ের একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় বক্তব্য দিচ্ছেন জাবেদ। বক্তব্যে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে ‘অভিভাবক’ বলে সম্বোধন করেন এবং শেষ করেন ‘জয় বাংলা’ শ্লোগানে।
গতকাল বুধবার সন্ধ্যায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে জাবেদসহ কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তবে ভিডিওটি প্রকাশ পাওয়ার পর রাতেই আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়-জাবেদের বহিষ্কারাদেশ ভুলবশত প্রত্যাহার হয়েছিল, সেটি বহাল থাকবে।
এ নিয়ে মিনহাজুল ইসলাম ভূঁইয়া বলেন, ভুল হয়েছিল, তথ্যের ঘাটতি ছিল। তার বহিষ্কারাদেশ বহাল থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com