ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে হত্যা

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ | ৬:১৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দাম হোসেন সাদ্দাম (৩৫) নামে এক যুবককে গুলি ও গলা কেটে হত্যা করা হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম শহরের কান্দিপাড়ার মায়মলহাটির মোস্তফা কামাল মস্তুর ছেলে ও ছাত্রদলের সাবেক কর্মী।


সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপের লোকজন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের তিনজনকে গুলি করে আহত করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। গতকাল মধ্যরাতে দিলীপ ও তার সহযোগীরা তাদের অনুসারী সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি সাদ্দামকে ডেকে নিয়ে যাননি। বরং সাদ্দাম তার সঙ্গেই ছিলেন। রাতে লায়ন শাকিল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাদ্দাম গুলবিদ্ধ হয়ে মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লায়ন শাকিল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধসহ মোট ৫ জন আহত হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!