ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | ৬:২০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

এক করপোরেশন, এক পে-স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার কম্পানির শ্রমিক-কর্মচারীরা। তাদের দাবি না মানলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন বিক্ষুব্ধরা। আজ ১৭ নভেম্বর সোমবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার ও বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।


এ সময় তারা জানান, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন গড়ে সাড়ে ১১০০ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

সিবিএ সাধারণ সম্পাদক মো. আবু কাউসার জানান, টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাইকে বেতন-ভাতা দেওয়া হয় জাতীয় পে-স্কেলে। একই কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য দুইটি বেতন কাঠামো বৈষম্যমূলক। তাই মজুরি স্কেল বাতিল করে জাতীয় পে-স্কেলে টেকনিশিয়ান ও অপারেটরদের অন্তর্ভুক্ত করতে হবে। এ ছাড়া বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি বন্ধ করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া পুনরায় চালুর দাবি তোলেন তিনি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!