ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০০ ফুট অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ, ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং এক কি.মি. এলাকার একটি অবৈধ পাইপ লাইনের নেটওয়ার্ক সিমেন্ট দিয়ে অকার্যকর করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
১১ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার ভাটপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ছয়জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক ও কুমিল্লা প্রধান কার্যালয়ের ভিজিলেন্স টিমের ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম খান।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘ দিন নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে অসাধু চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ভাটপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪০০ ফুট গ্যাসের পাইপ উচ্ছেদ, ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও এক কি:মি: এলাকার একটি অবৈধ পাইপ লাইনের নেটওয়ার্ক সিমেন্ট দিয়ে অকার্যকর করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছু দিনের মধ্যে আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com