আশুগঞ্জে চাঞ্চল্যকর সালাম খান হত্যা মামলায় প্রধান আসামি ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া রায়ে মামলার অপর তিন আসামিকে খালাস প্রদান করা হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবিরপাড়ার বাসিন্দা সালাম খানকে কৌশলে আশুগঞ্জ গোলচত্তর এলাকা থেকে ডেকে নিয়ে যান ইকবাল। পরে তার মাথায় ভারী ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে স্থানীয় একটি রাইস মিলের মাঠে ফেলে রেখে যান।
এ ঘটনার পরের দিন নিহতের ছেলে মো. ইমরান খান বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দারের করেন। পরে মামলাটির দীর্ঘ তদন্ত করে আশুগঞ্জ থানা পুলিশ ২০১৫ সালের ২৯ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখর উদ্দিন আহম্মদ খান জানান, আসামি ইকবালের কাছে পাঁচ লাখ টাকা পেতেন সালাম খান। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে আসামি ইকবাল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিলেন। আদালত কেবল আসামি ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com