ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে মাদ্রাসার সাত ছাত্রীসহ ৮ জন

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | ১:৫৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে মাদ্রাসার সাত ছাত্রীসহ ৮ জন

ব্রাহ্মণবাড়িয়ায় ছাদে পড়ে যাওয়া কাপড় স্টিলের পাইপ দিয়ে টেনে আনার সময় একটি মাদ্রাসার সাত ছাত্রী ও একজন আয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। আজ ২৯ অক্টোবর বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলাকায় অবস্থিত দারুন নাজাত মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। রাতে অসুস্থ আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।


আহতরা হলেন-নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), আফরিন, তাইবা, ভাদুঘর এলাকার কাবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৮), কসবা উপজেলার শিমরাইল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে আইমান (০৫) এবং মাদরাসার আয়ার দায়িত্বে থাকা ভাদুঘর এলাকার তুফাজ্জল হোসেনের স্ত্রী আলেয়া (২২)।


স্থানীয় লোকজন ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মাদ্রাসার চারতলা থেকে বাইরে একটি কাপড় বিদ্যুতের তারের ওপর পড়েছিল। আয়া আলেয়া সেই কাপড়টি জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করেছিলেন। লম্বা পাইপটি কাপড়ে লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুতের তারে আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকে। সেই স্ফুলিঙ্গ রুমের ভেতরে থাকা আয়া ও ছাত্রীদের গায়ে লাগলে তারা আহত হন। পরে স্থানীয়রা আহতদের প্রথমে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!