ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে স্ত্রী ও সন্তানদের বসত ঘরের দরজায় শিকল দিয়ে সদস্যদের আটকে রেখে ঘরের পাশেই নৃশংশভাবে এক চা দোকানদার যুবককে কুপিয়ে খুন করা হয়েছে।
নির্মম ঘটনাটি ঘটেছে ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ১২ টায় ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি মহল্লায়। সেই মহল্লার নিহত যুবক শফিক মিয়ার ছেলে রহমান মিয়া (২৮)।
জানা যায়, রহমান মিয়া গ্রামের সামনে রাস্তার পাশের ঈদগাহ সংলগ্ন সড়ক বাজারে চা দোকানদারী করেন। রাত প্রায় ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রহমান মিয়া বাড়ি ফিরে গভীর রাত পযন্ত একটি পারিবারিক মিটিং শেষ করে কয়েকজন মিলে গোষ্টির লোকদের এগিয়ে দিয়ে এসে স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলে বাইরে গেলে দুর্বৃত্তরা বাহির থেকে তার ঘরের শিকল আটকে দেয়। নিজ ঘরের পাশে রাস্তায় এলোপাতারি কুপিয়ে রহমানকে অচেতন অবস্থায় ফেলে চলে যায় পাষন্ডরা। স্ত্রীর ও পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাত প্রায় ২টায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা তানভির আহমেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com