ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় প্রচণ্ড গরমে অসুস্থ ২২ ছাত্রী, চারজন ভর্তি হাসপাতালে

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | ৯:১৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রচণ্ড গরমে অসুস্থ ২২ ছাত্রী, চারজন ভর্তি হাসপাতালে
ফাইল ছবি

নবীনগর উপজেলার ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। আজ ২৬ আগস্ট মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রচণ্ড গরম ও শ্রেণিকক্ষে বিদ্যুৎ না থাকায় তৃতীয় ঘণ্টার পরপরই কয়েকজন ছাত্রী মাথা ঘোরা, বমিভাব ও অজ্ঞান হয়ে পড়ে। ধাপে ধাপে এ সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছায়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে চারজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। পরে বিদ্যালয়ে অস্থায়ীভাবে ছুটি ঘোষণা করা হয়। ক্লাস শুরুর পর থেকে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে এ সমস্যা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, অতিরিক্ত গরম, পর্যাপ্ত পানি ও লবণের ঘাটতি এবং শারীরিক দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটে। ভর্তি হওয়া চার শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, গরমের সময় শিক্ষার্থীদের প্রচুর পানি পান, লবণযুক্ত খাবার গ্রহণ ও ছায়াযুক্ত পরিবেশে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন বলেন, খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে ছুটে যাই। শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!