বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘খেয়াল রাখতে হবে আওয়ামী লীগে যারা পদে ছিল, যারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে তারা যেন দলের সদস্য হতে না পারে। যারা টেন্ডারবাজি করেছে, অন্যের জায়গা দখল করেছে, যারা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করে রেখেছিল তারা যেন দলে স্থান না পায়।’ তিনি আরো বলেন, হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি কী কোনো জনগণ বলতে পারবে? এটা কি নারিকেল তেলের মতো মাথায় দেয় না সাবানের মতো শরীরে মাখে? অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে, তারাও পিআর পদ্ধতির কথা বলছে।
আজ ২৩ আগস্ট শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের লোকনাথ দিঘি (ট্যাংকের পাড়) ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা বলেন।
বহুল আলোচিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ে সুযোগ থাকবে না। দলের প্রতীককে ভোট দিতে হবে। বরং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। কে সাধারণ মানুষের সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় মানুষের পাশে থাকবে। পিআর পদ্ধতিতে সেই লোক বাছাইয়ের সুযোগ নেই। দলের প্রতীককে ভোট দিতে হবে। দলের প্রতীককে ভোট দিলে দল বাছাই করে দেবে। এরকম চললে অনেক অনৈতিক এবং রাজনীতি বিরোধী ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম।
তিনি আরো বলেন, বিএনপি সংস্কারের কথা কখনও নিষেধ করেনি, না বলেনি। প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকে বলেছে যে, প্রয়োজনীয় যে সংস্কার, সে সংস্কার করে নির্বাচনে যাবে। কিন্তু নির্বাচন যেন দীর্ঘায়িত না হয়- সেই কথা বারবার বলে এসেছে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ কেউ নির্বাচন পেছানোর কথা বলে। কেন এই উদ্দেশ্য সেটা আমরা জানি।
সভায় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদ মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম জেলা শাখার টিম লিডার আহসান উদ্দিন খান শিপন প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com