ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ১২ ঘণ্টার ব্যবধানে দুইটি ট্রাক গর্তে আটকে যাওয়ায় প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আটকে থাকা ট্রাক উদ্ধারের পর যানজট কমতে শুরু করলেও ১৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ফের ট্রাক বিকল হয়ে পড়লে ফের যানজট বাড়তে থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক মহাসড়কের বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় গর্তে পড়ে বিকল হয়ে যায়। এতে মহাসড়কটির ওই অংশের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকের পাশে মাটি ফেলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। মাটির ওপর দিয়ে চলতে গিয়ে আরো চার-পাঁচটি যান আবার আটকে যায়। পরে পুলিশ ওই ট্রাকসহ সবকয়টি যান সরিয়ে নেয়। দুপুর ১টা নাগাদ সড়কের আশুগঞ্জ ও মাধবপুর অভিমুখে প্রায় ২০ কিলোমিটারের যানজট লেগে থাকে।
পুলিশের পাশাপাশি সেনাবাহিনীরাও পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। বিকেল ৩টার দিকে আবার একটি ট্রাক বিকল হয়ে গেলে একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় যানজট বাড়ছিল।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, কয়েক মাস ধরেই এ সমস্যা চলছে। নানান উদ্যোগ নিয়েও যানজট কমানো যাচ্ছে না। ভাঙা সড়কে ট্রাক আটকে কখনো ধীরে গাড়ি চলার কারণে এ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোরের পর বিকেলে আবার কাছাকাছি জায়গায় আরেকটি ট্রাক বিকল হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com