ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বোরহান উদ্দিন আহমেদ নসু ঢাকায় গ্রেফতার হয়েছেন। রামপুরা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলার আসামি হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার রাতে তাকে ঢাকার তার উত্তরার বাসা থেকে গ্রেফতার করে। পরে রাতেই রামপুরা থানায় তাকে হস্তান্তর করা হয়।
রামপুরার থানার ওসি মো. রাহাত খান বিপিএম আজ ৪ আগস্ট সোমবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া বোরহান উদ্দিন আহমেদ নসু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্যও ছিলেন তিনি।
তার গ্রেফতারের খবরটি নবীনগরে ৩ আগস্ট রবিবার রাতে চাওর হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ খবরটি ভাইরাল হতে থাকে। শেখ হাসিনা সরকারের পতনের পরপরই তিনি আত্মগোপনে চলে যান।
নবীনগর থানার ওসি শাহীনুর ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন আহমেদের গ্রেফতারের খবর তিনি ফেসবুকে দেখেছেন। তবে কোন মামলায় কবে কখন গ্রেফতার হয়েছেন তিনি সে বিষয়ে অবগত নন।
ঢাকার রামপুরা থানার ওসি মো. রাহাত খান বিবিএম বলেন, রামপুরা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার আসামি হিসেবে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে রামপুরা থানায় রবিবার রাতে হস্তান্তর করেছে। আজ দুপুরে তাকে কোর্টে চালান করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com