ডাকাতদের হামলায় মোস্তফা কামাল (৫৫) নামের এক মুদি দোকানি নিহত হয়েছেন। ২৯ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোস্তফা কামাল ওই গ্রামের মৃত আব্দুল মুমিনের ছেলে। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে মুদি দোকান পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথিমধ্যে নন্দিপাড়া সড়কের পাশে ওঁৎ পেতে থাকা ৪-৫ জন ডাকাত তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখে সঙ্গে থাকা মালপত্র ও টাকা-পয়সা লুটে নেয়। পরে পথচারীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক না থাকায় দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, মোস্তফা কামাল এর আগেও একাধিকবার ডাকাতের কবলে পড়েছিলেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com